সিলেটের গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টের পাথর ও বালু রক্ষায় গভীর রাতে এক বিশেষ ট্রাক্সফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গোয়াইনঘাট।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহ আলম নামের একজনকে হাতেনাতে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজীব রায়সহ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একদল চৌকস সদস্য।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন জানান, জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে আগামীতেও এই ধরণের ঝটিকা টাস্কফোর্স অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।