বিএনপি জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে : আব্দুল হাকিম চৌধুরী

আলোকিত গোয়াইনঘাট :
সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি দল নয়, এটি জনগনের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল আজও জনগণের মুক্তির একমাত্র আশ্রয়স্থল। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষা করা শুধু একটি দল বা একটি গোষ্ঠীর নয় এটি দেশের সবার দায়িত্ব। তাই দেশের সকল ধর্ম, বর্ণ, জাতিকে একত্রিত ও একতাবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রা শুরু করেছে বিএনপি। বিএনপির নেতৃত্বে ও  সকলের সম্মিলিত চেষ্টায় আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও র্যালী পরবর্তী গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুন নুর।

Posted

in

by

Tags: